দিল্লি: রবিবার পাটনার একটি অনুষ্ঠানের সভা থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ''মোদি কা বাপ ভি জায়েগা'' মন্তব্য করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন। খাড়গের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় বয়ে যায় জাতীয় রাজনীতিতে। ঘটনার সূত্রপাত, পাটনায় একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদি ও বিজেপিকে কড়া ভাষায় বেলাগাম আক্রমণ করেন মল্লিকার্জুন খাড়গে। তিনি মোদি সরকারকে চোর বলে অভিহিত করেন এবং বলেন বিজেপির বিরুদ্ধে FIR করে তদন্ত করে জেলে পাঠাবে কংগ্রেস। সেই সময় বিজেপির এক সমর্থক, এই মন্তব্যের প্রতিবাদ করে বলেন, 'মোদি কোথাও যাবে না'। এতেই খাড়গে গর্জে উঠে জবাব দেন, "মোদীর বাবাও যাবেন ("মোদী কা বাপ ভি জায়েগা ... বাপ ভি জায়েগা)।" আর এতেই বাধে রাজনৈতিক তরজা। মোদিকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের এই ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বিজেপি। মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে খাড়গের মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। অমিত শাহ বলেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। মোদিজি বা তাঁর পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের আপত্তিকর মন্তব্য এটাই প্রথম নয়। কখনও তাঁর মাকে অপমান করেছে, কখনও তাঁকে 'মৃত্যুর সওদাগর' বলেছে, কখনও 'চাওয়ালা' বলে তাঁর দারিদ্রতা নিয়ে উপহাস করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিদিন শালীনতার সীমা অতিক্রম করেছে।"
অমিত শাহের পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি। খাড়গের এই ধরণের মন্তব্যের কারণ হিসেবে তিনি যে, দিল্লিতে আসন্ন সমাবেশে লোকজনের সংখ্যা কম হবে বলে পূর্বাভাস পেয়েছেন, তাই কংগ্রেস হতাশ হয়েছে। মল্লিকার্জুন খাড়গে ঠিক কী বলেছেন ? পাটনায় কংগ্রেসের একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে বাপু অডিটোরিয়ামের সেই সভা থেকে বলেন যে, "ভোট চুরি করে ওরা সরকার চুরি করে নিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র সব জায়গায় চোরেদের সরকার। এই সব চোরেদের বিরুদ্ধে FIR করে তদন্ত করে জেলে পুরতে হবে, এদের জেলে পাঠাব আমরা।'' খাড়গের এই মন্তব্যের হঠাৎ প্রতিবাদ শুরু করেন এক ব্যক্তি। তিনি বলেন, 'মোদি কোথাও যাবে না'। ওই ব্যক্তির এই মন্তব্যের পর খাড়গে প্রত্যুত্তরে গর্জে উঠে বলেন, "মোদী কা বাপ ভি জায়েগা ... বাপ ভি জায়েগা।" মোদিকে নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ করায় সভার মধ্যেই ওই ব্যক্তিকে মারধর করে কংগ্রেস কর্মীরা।
