লোনাভেলা : বর্ষা শুরু হতে না হতেই পাহাড়ে দুর্যোগ শুরু। পিচ্ছিল পথ। পদে পদে দুর্যোগ আশঙ্কা। এমন সময়ই মহারাষ্ট্রের লোনাভালায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জন্মদিন উদযাপন করতে গিয়ে প্রাণটাই চলে গেল তথ্যপ্রযুক্তি কর্মীর। বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন  যুবক। কিন্তু আনন্দের সেই মুহূর্তই হয়ে গেল জীবনের শেষ মুহূর্ত। মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেল যুবকের প্রাণ। 

Continues below advertisement

মহারাষ্ট্রের লোনাভালায় ট্রেকিং করতে গিয়ে পা পিছলে গভীর খাদে পড়ে মৃত্যু হল  যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে লোনাভালার একটি জনপ্রিয় ট্রেকিং স্পটে গিয়েছিলেন তিনি। সেখানে ছবি তোলা এবং ঘোরাঘুরির সময় হঠাৎ পা পিছলে গভীর খাদে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই বন্ধুরা স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে খবর দেন। যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃষ্টিতে পাথর ও মাটি পিচ্ছিল হয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পর পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের সময় নিরাপত্তা বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে। জন্মদিনের আনন্দঘন দিনেই এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বন্ধুদের মধ্যে।

Continues below advertisement

পশ্চিমবঙ্গেও দুর্যোগ শুরু 

অন্যদিকে পশ্চিমবঙ্গেও দাপট দেখাতে শুরু করেছে বর্ষা । প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং পাহাড়ে অঝোরে চলছে বৃষ্টি। তার জেরে পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ৫ জেলায় । ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। পাহাড়ি জেলার নীচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নদীর জলস্তর। দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । অতিভারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার সমতল অংশে।শনিবার - রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও।  মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।