ভুবনেশ্বর : এক ধাক্কায় লন্ডভন্ড সবকিছু। তছনছ চারিপাশ। তাসের ঘরের মতো ধসে পড়ল সবকিছু। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় কার্যত ধ্বংসযজ্ঞ চালাল টর্নেডো। রবিবার বিকেলে আকস্মিক ঝড়ের ধাক্কায় ঘটে গেল ব্যাপক ধ্বংসযজ্ঞ। স্বাভাবিক জীবন মুহূর্তে হয়ে গেল বিপর্যস্ত। এলোপাথাড়ি হাওয়া ও ধুলোর ঝড়ে প্রাণও গেল মানুষের। ভেঙে পড়ল একের পর এক বাড়ি, আহত হল বহু মানুষ। টর্নেডোয় তছনছ হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। এর ফলে ৭০ টিরও বেশি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে । মাত্র কয়েক মিনিট ধরে বজ্রপাত চলে। সঙ্গে ভয়ঙ্কর ঘূর্ণি-হাওয়া। যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানে মূলত সারি-সারি কাঁচা বাড়ি। ঝড়ের দাপটে উড়ে যায় বহু ঘরের চাল, ভেঙেও পড়ে ঘর। এমনকী কংক্রিটের ঘরের দেয়ালে ফাটল দেখা যায়। একের পর এক গাছ উপড়ে রাস্তার উপর পড়ে যায়।
এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে যায়। পানীয় জল সরবরাহও ব্যাহত হয় দীর্ঘ সময়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠানে রেফার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তবে এমন কিছু একটা ঘটতে পারে, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। উত্তর ওড়িশার কয়েকটি জেলায় বজ্রপাত, এলোপাথাড়ি হাওয়া, স্থানীয় টর্নেডোর পূর্বাভাস ছিল।
