মক্কা: ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান মক্কা ঘিরে আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। মক্কার কাবায় আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে।  বিস্ফোরকবোঝাই পোশাক পরে এক হামলাকারী নাকি টার্গেট করে মক্কার কাবাকে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে সৌদি আরব। 

Continues below advertisement

শুক্রবার সোশ্যাল মিডিয়া জুড়ে এই পোস্ট ছড়িয়ে পড়ে। ছড়ায় চাঞ্চল্য। যদিও  সৌদি আরব দাবি করেছে, এমন কোনও আত্মঘাতী হামলার চেষ্টা হয়নি। Anadolu Agency-র  রিপোর্ট বলছে,  মক্কার তীর্থস্থানে বোমা হামলার চেষ্টার যে খবর ছড়িয়েছে, তার কোনও সত্যতা নেই। সৌদি আরবের প্রশাসনের তরফে একটি X পোস্ট করে বলা হয়েছে, পবিত্র তীর্থস্থানে এক ব্যক্তিকে পথচারীদের উত্যক্ত করা এবং তাঁদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কাবা শরিফকে লক্ষ্য করে কোনও আত্মঘাতী হামলার চেষ্টা হয়নি। স্পষ্ট করেছে সৌদি প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবি এবং বাস্তব ঘটনার মধ্যে অনেকটাই ফারাক । এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারপরই সরকারি বিবৃতি প্রকাশ করে সৌদি আরব। 

গত মাসেই আকাশপথে হামলার আশঙ্কায়  ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র মক্কায়  জারি করা হয় রেইড-অ্যালার্ট। সেই প্রথম কার্যত পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এসে পড়ে তীর্থক্ষেত্র মক্কায়। কিছুদিন আগেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা  একের পর এক হামলা চালায়। তারপরই  সৌদি আরবের মক্কা, জেড্ডা এবং তাইফে আকাশপথে হামলার সতর্কতা জারি করে প্রশাসন। মক্কায় এমন সতর্কতা জারি ছিল কার্যত নজিরবিহীন। যদিও কয়েক মিনিটের মধ্যেই এই সতর্কতা তুলে নেওয়া হয়। সূত্রের খবর, সম্প্রতি নাকি মক্কার ধর্মস্থানের উপর দিয়ে নাকি  হুথি ড্রোন উড়তে দেখা গিয়েছে। যদিও মক্কার উপর ড্রোন ওড়ানোর খবর, ভুয়ো বলেই দাবি করেছে তারা। সৌদি আরবের পক্ষ থেকে অ্যালার্ট তুলে নেওয়া হলেও, সতর্ক থাকতে বলা হয়। তারপর এক মাস কাটতে না কাটতেই মক্কায় আত্মঘাতী হামলার ছকের খবর। তবে সৌদি আরবের দাবি, এসবই সোশ্যাল মিডিয়ার রটনা। তাই তিন থেকে তাল হওয়ার আগেই বিবৃতি প্রকাশ করে মানুষকে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেয় প্রশাসন।