মুম্বই: দীপাবলির উৎসবের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের ঘাটকোপারে। শুক্রবার রাতে পূর্ব মুম্বইয়ের ঘাটকোপার এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। প্রাথমিকভাবে অনুমান, রকেট বাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা বহুতল। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

Continues below advertisement

বহুতলের ২০ তলায় আগুন

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত ৮টা ৮ মিনিট নাগাদ ঘাটকোপার ইস্টের পান্তনগর এলাকার বল্লভ বাগ লেনে অবস্থিত রয়্যাল অলতেজা (Royal Altezza) আবাসনে আগুন লাগে। ২১ তলা এই আবাসনের ২০ তলায় আগুনের সূত্রপাত বলে জানিয়েছে মেয়র ঋতু তাওড়ের দফতর। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা।

Continues below advertisement

আগুনের তীব্রতা বিবেচনা করে ঘটনাটিকে লেভেল-২ অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। আগুন নেভাতে অন্তত আটটি দমকলের ইঞ্জিন এবং অন্যান্য অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। প্রায় দু'ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

আহত তিন, একজনের শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছে

এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে ৪৫ বছর বয়সি সৈনাথ আওয়ালে নামে এক ব্যক্তির শরীরের প্রায় ২৭ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, নিরব লোদায়া (৩৪) এবং রাজেশ লোদায়া (৪৭) নামে আরও দু'জন আহত হয়েছেন। তাঁদের ঘাটকোপারের জিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গিয়েছে।

রকেট বাজি থেকেই আগুন? উঠছে প্রশ্ন

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীপাবলিতে ফাটানো রকেট বাজি কোনওভাবে বহুতলের ফ্ল্যাটে ঢুকে পড়ে আগুনের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক শর্ট সার্কিটের সম্ভাবনার কথাও জানিয়েছেন। ফলে বাজি নাকি বৈদ্যুতিক গোলযোগ, ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

নিরাপত্তার স্বার্থে খালি করা হয় গোটা আবাসন

অগ্নিকাণ্ডের পর কোনও ঝুঁকি না নিয়ে বহুতলের সমস্ত বাসিন্দাকে বাইরে বের করে আনা হয়। আবাসনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযানও চালানো হয়। দমকলের পাশাপাশি পুলিশ, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতর এবং স্থানীয় পুরসভার কর্মীরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না বলে অভিযোগ উঠেছে। পরে দমকলকর্মীরা ব্যবস্থা চালু করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

দীপাবলির রাতে উৎসবের আনন্দের মধ্যেই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে আগুন লাগল এবং আবাসনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা জানতে তদন্ত চলছে।