মুম্বই: প্রথম মহিলা মেয়র পেয়েছে বৃহন্মুম্বই পুরসভা ৷ গত চার দশকে এই প্রথম মুম্বই পুরসভার মেয়র হলেন বিজেপি দল থেকে। এতদিন  বৃহন্মুম্বই পুরসভা ছিল শিবসেনার দখলে। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বইয়ের মেয়র নির্বাচিত হলেন বিজেপির ঋতু তাওড়ে ৷ নির্বাচিত হয়েই অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ছাড়লেন হুঙ্কার। স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাণিজ্যনগরীতে জাঁকিয়ে বসেছে, তাদের রেয়াত নয়। মুম্বইয়ের ফুটপাথে আর চলবে না এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যবসা।                                 

'অবৈধ বাংলাদেশি হকাররা ফুটপাথ দখল করে নিয়েছে'                  

বুধবার মুম্বইয়ের নবনির্বাচিত মেয়র ঋতু তাওড়ে বলেন,ফুটপাত দখল করে থাকা অবৈধ বাংলাদেশি হকারদের এবার হঠানো হবে। তাদের দ্রুত সরিয়ে ফেলা পুরসভার অন্যতম কাজ হবে। তাওড়ে বলেন, অবৈধ বাংলাদেশি হকাররা ফুটপাথ দখল করে নিয়েছে, তাই যাঁরা মুম্বইয়ের আসল বাসিন্দা এবং করদাতা, তাঁদের জন্যই আর ফুটপাথ আর ফাঁকা নেই।' প্রশাসনের সঙ্গে এই নিয়ে কথা বলবেন প্রথম বৈঠকই হবে এই বিষয়ে। সেই  সঙ্গে তিনি জানান, তিনি এই সংক্রান্ত চিঠিপত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে পাঠানো শুরু করেছেন।  এছা়ড়া আধার কার্ডের মতো নথি যাচাই হবে। অবৈধ বাংলাদেশি হকারদের চিহ্নিত করা হবে । আর তাদের বেছে বেছে তাড়ানো হবে।              

সেই সঙ্গে তিনি নজর দেবেন স্বাস্থ্য পরিষেবায়। এছাড়া শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দিকে নজর দেবেন তিনি। শহরের ৭৮ তম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজেপির ঋতু।  মেয়র হিসেবে তাঁর প্রথম ভাষণেই তাওড়ে বলেন , তিনি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর রোগীদের সহায়তার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করবেন। 'মুম্বই শহরকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, আরও উন্নত এবং সুন্দর করে তুলতে হবেই।  সেই সঙ্গে নজর দেওয়া হবে বিভিন্ন পরিষেবায়  ডিজিটাল সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে।এছাড়া শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ সুনিশ্চিত করতে,  ওয়ার্ডে - ওয়ার্ডে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা আলাদা করে  প্রক্রিয়া করতে হবে।  ' 

গত ১৫ জানুয়ারি যে পুর নির্বাচন হয়েছিল বৃহন্মুম্বই পুরসভায়। সেখানে তাওড়ে ১৩২ নম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ বড় ব্যবধানে জেতেনও।