নয়াদিল্লি: গৃহযুদ্ধের আঁচে নতুন করে পুড়তে শুরু করল মায়ানমার। শনিবার বিয়েবাড়িতে হামলা হল সেখানে। হামলায় বেশ কয়েক জন মারা গিয়েছেন বলে খবর। দু’দিন আগেই মায়ানমার সেনার তরফে স্কুলেও বোমা বর্ষণ করা হয়। তাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর সামনে আসে, যার মধ্যে এক শিশুও ছিল। বিদ্রোহীদের দখলে থাকা একটি বৌদ্ধ মন্দির এবং স্কুলে বোমাবর্ষণ করা হয় বলে জানা যাচ্ছে। (Myanmar Airstrike)

Continues below advertisement

শনিবার মো বিয়ে এলাকায় মায়ানমার সেনার তরফে বিয়েবাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ছ’টি দেহ পডডে থাকার ছবি সামনে এসেছে। এক প্রত্যক্ষদর্শী ভিডিও পোস্ট করেছে ঘটনাস্থল থেকে। তবে সংবাদ সংস্থা AFP এখনও পর্যন্ত ভিডিও-র সত্যতা যাচাই করতে পারেনি। তবে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “বিমানের গর্জন শুনলাম। ভাবতে পারিনি আমাদের এখানেও বোমা পড়বে। তার পরই বিস্ফোরণের শব্দ শুনলাম। ধোঁয়া উড়ছে।” যেখানে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে, সেটি শাং এবং কারেন্নি প্রদেশের সীমানা, মূলত ঘরছাড়াদের বাস সেখানে। (Myanmar Civil War)

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

Continues below advertisement

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মায়ানমারের মধ্যভাগে বোমাবর্ষণ করা হয়েছে। বিরোধী শিবির Opposition National Unity Government এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করেছে তারা। বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ সিনবাউঙ্গে শহরের মগওয়ে এলাকায় বোমাবর্ষণ করা হয়। 

বিরোধীদের দাবি, আকাশপথে ৫০০ পাউন্ড ওজনের বোমা ফেলা হয়। আর্টিলারি শেল বর্ষণ করা হয় ১২টি। পাশাপাশি, সাতটি আত্মঘাতী ড্রোন পাঠিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। NUG-র মুখপাত্র নে ফোং লাট জানিয়েছেন, মৃতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে। ন’জন বিদ্রোহী যোদ্ধাও মারা গিয়েছেন। স্থানীয়দের দাবি, ওই এলাকা একেবারে শান্ত ছিল। সেখানে কোনও রকম অশান্তির ঘটনা ঘটেনি বেশ কিছু দিন। বিদ্রোহীরা ঘাঁটি গেড়েও নেই সেখানে। বরং মাঝেমধ্যে শুধু ওই এলাকা দিয়ে যাতায়াত করত। 

আরও পড়ুন: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

মায়ানমার সেনার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিরোধীদের দাবি, সম্পূর্ণ বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে সেনা। নিরীহ নাগরিকদের উপর বোমা বর্ষণ করা হয়েছে। অন্য দিকে, সেনাপন্থী শিবিরের দাবি, সমাবর্তন জাতীয় কোনও অনুষ্ঠান চলছিল। সেখানে জড়ো হয়েছিল বিদ্রোহীরাও। তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। মায়ানমার সরকারের তরফেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি শনিবার বিকেল পর্যন্ত। 

NUG এবং স্থানীয় বিদ্রোহী সংগঠন Magway Federal Unit Government সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে মায়ানমারে। যৌথ বিবৃতিতে হামলার তীব্র নিন্দা করেছে তারা। তাদের দাবি, মায়ানমার সেনা যুদ্ধাপরাধ ঘটিয়েছে। জেনিভা চুক্তি লঙ্ঘন করেছে তারা। আন্তর্জাতিক মহলে ফের বিচার চাইতে যাওয়ার কথাও ভাবা হচ্ছে। 

বিরোধীদের দাবি, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মায়ানমার সেনা ১৫ হাজার ৩২৭ বার আকাশপথে হামলা চালিয়েছে। সব মিলিয়ে ৬ হাজার ৪৬৭ নিরীহ মানুষ মারা গিয়েছেন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৫৬২টি স্কুল, ৮৪৮টি ধর্মস্থান। 

২০২১ সালে মায়ানমারে ক্ষমতা দখল করে সেনা। সেই থেকে দেশে গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ১ লক্ষ মানুষ মারা গিয়েছেন প্রায়। ঘরছাড়া ৩৫ লক্ষের বেশি মানুষ। ঘটনাচক্রে সপ্তাহখানেক আগেই মায়ানমারকে গণহত্যায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায় আদালত। রোহিঙ্গা উপর দমনপীড়ন এবং রোহিঙ্গা হত্যায় দোষী সাব্যস্ত করা হয় তাদের।

[