দিল্লি: জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বিরোধীদের কড়া ভাষায় আক্রম করেন নরেন্দ্র মোদি। মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়া নিয়ে, নাম না করে বিরোধী দলগুলিকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূলের মতো বিরোধী দলগুলিকে একযোগে আক্রমণ শানালেন তিনি। বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ''নারীশক্তির বিরোধিতা করার পাপ থেকে মুক্তি পাবে না বিরোধীরা''।
জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, ''তৃণমূলের কাছে সুযোগ ছিল বাংলার মানুষদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তৃণমূলও এই সুযোগ হাতছাড়া করল।'' তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি, DMK পার্টিকেও কড়া জবাব দেন। তিনি বলেন, ''DMK পার্টির কাছেও সুযোগ ছিল আরও তামিল মানুষদের সাংসদ, বিধায়ক তৈরি করতে। তামিলকে আরও মজবুত করতে পারতেন। কিন্তু এরা সেই সুযোগ হারিয়ে ফেলেছে। সমাজবাদী পার্টির পার্টির কাছেও সুযোগ ছিল, মহিলা বিরোধী হওয়ার দাগটা একটু কম করতে পারত। কিন্তু এরা সেই সুযোগ হারিয়ে ফেলেছে। সপা ‘নারীশক্তি বন্দন’-এর বিরোধ করে লোহিয়া-কে অপমান করেছে। এরা মহিলা সংরক্ষণের বিরোধী। এটা উত্তরপ্রদেশ ও দেশের মহিলারা কোনও দিন ভুলবেন না।'' ''মেয়েরা সব ভুলতে পারে, কিন্তু অপমান ভুলতে পারে না।”
বিরোধীদের তোপ দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, '' সকলকে একত্রিত করার প্রচেষ্টাই ছিল এই 'নারীশক্তি বন্দন' বিল।'' ''গণতন্ত্রের কাছে এটা লজ্জার। নারীর সমর্থনে বিল পেশ করা হল কিন্তু কংগ্রেস, ডিএমকে(DMK), তৃণমূলের(TMC) মতো দলগুলি এর বিরোধিতায় ভোট দিল। এই বিল শুধু মাত্র একটি প্রস্তাব ছিল না, এই বিল ছিল প্রত্যেক নারীর আত্মসম্মানের প্রশ্ন।''
উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভার বিশেষ অধিবেশনে ৩টি বিল পেশ করে মোদি সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল - ২০২৬, আসন পুনর্বিন্যাস বিল - ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল - ২০২৬। কিন্তু মহিলা সংরক্ষণ বিল লোকসভার ভোটাভুটিতে পাস করতে না পারার পর শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। একদিকে যেমন বিরোধী দলগুলোকে 'মহিলাদের বিরুদ্ধে' বলে কটাক্ষ করে বিজেপি, ঠিক তখন মহিলা সংরক্ষণকে ঢাল করে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও সরব হন বিরোধীরা।
মোদি বলেন, "দেশের মা, বোন ও মেয়েদের বলব আমিও আপনাদের দুঃখ দেখে কষ্ট পাচ্ছি। আজ বিল পাস করানোর মতো প্রয়োজনীয় ৬৬ শতাংশ ভোট না পেলেও, আমি জানি দেশের ১০০ শতাংশ নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। দেশের প্রত্যেক নারীকে আমি আশ্বাস দিচ্ছি, মহিলা সংরক্ষণের পথে দাঁড়িয়ে থাকা সব প্রতিবন্ধকতা দূর করব আমি।''
