গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১৪ জন মাওবাদী, খোঁজ নিলেন রাজনাথ
Web Desk, ABP Ananda | 22 Apr 2018 03:34 PM (IST)

ফাইল ছবি
মুম্বই: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ১৪ জন মাওবাদীর। এখনও চলছে অভিযান। সাম্প্রতিক সময়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এটাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে ফোন করে পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শরদ শেলার জানিয়েছেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে ভামড়াগঢ়ের তাড়গাঁও জঙ্গলে আজ সকাল থেকে শুরু হয় অভিযান। এই অভিযানে আছেন গড়চিরৌলি পুলিশের বিশেষ কমব্যাট ইউনিট সি-৬০-এর কম্যান্ডোরা। এখনও চলছে চিরুনি তল্লাশি। মৃত ১৪ জন মাওবাদীর মধ্যে দু’জনকে চিহ্নিত করা গিয়েছে। তারা হল জেলাস্তরের কম্যান্ডো সাইনাথ ও সাইনু।’ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সতীশ মাথুর জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়ে মাওবাদীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান। সি-৬০ দলকে অভিনন্দন। ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আমাদের কেউ গুরুতর জখম হননি। পুলিশ এখনও অভিযান চালাচ্ছে। আরও মাওবাদীর দেহ উদ্ধার হতে পারে।’