২০১৬-র বিহার টপার্স কেলেঙ্কারি: মূল অভিযুক্তের ৪ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Web Desk, ABP Ananda | 31 Mar 2018 04:56 PM (IST)

নয়াদিল্লি: সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে আলোড়নের মধ্যেই বিহারে হৈচৈ ফেলা পরীক্ষায় শীর্ষস্থান প্রাপ্তির (টপার) পিছনে কেলেঙ্কারি মামলায় মূল অভিযুক্ত বাচ্চা রাই ওরফে অমিত কুমারের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে তাঁর ২৯টি জমি ও দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ মোট ৪ কোটি ৫৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বাচ্চা বৈশালী জেলার বিশুন রায় কলেজের সচিব তথা প্রিন্সিপাল। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, লালগঞ্জ, মহুয়া, ভগবানপুর, হাজিপুরে বাচ্চার নামে ১৬টি জমি, তাঁর স্ত্রী সঙ্গীতা রাইয়ের নামে ১৩টি জমি বাজেয়াপ্ত করেছে তারা। এছাড়াও বাজেয়াপ্ত সম্পত্তির মধ্য়ে আছে বাচ্চার মেয়ে শালিনী রাইয়ের নামে ব্যাঙ্কে রাখা আমানত, পটনার একটি ফ্ল্যাট , হাজিপুরে রাই পরিবারের একটি দোতলা বাড়ি। ২০১৬-র জুনে চাঞ্চল্যকর একটি ঘটনা প্রকাশ্য়ে আসে যাতে দেখা যায়, কলা বিভাগে প্রথম স্থান পাওয়া বৈশালীর বিশুন রায় কলেজের পড়ুয়া রুবি রাই অতি সাধারণ প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারছে না, এমনকী রাষ্ট্রবিজ্ঞানকেও সে প্রডিগাল সায়েন্স যাতে রান্না শেখানো হয়, বলে উল্লেখ করে।। বিস্ময় ছড়িয়ে পড়ে।রাজ্য সরকার সিট তদন্তের নির্দেশ দেয়। সিট তদন্তে পাওয়া তথ্য, বিহার পুলিশের এফআইআর বিবেচনা করে ইডি গত বছর বেআইনি আর্থিক কেলেঙ্কারির মামলা দায়ের করে, উদ্দেশ্য ছিল বিহার রাজ্য স্কুল পরীক্ষা বোর্ডের অনিয়ম ঘিরে তদন্ত করা। ইডি জানিয়েছে, পুলিশের চার্জশিটে অভিযোগ করা হয়েছে, বাচ্চা রাই বিহার স্কুল শিক্ষা বোর্ডের অফিসার, কর্মী, তার সেই সময়ের চেয়ারম্য়ান লালকেশ্বর সিংহের সহায়তায় ছাত্রছাত্রীদের থেকে পরীক্ষায় ভাল ফল করিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে বিপুল অর্থ ঘুষ নিত। ইডি বলেছে, তাদের তদন্তে প্রকাশ, বাচ্চা রাই ওই ঘুষের টাকায় নিজের, স্ত্রী, মেয়ের নামে বিপুল জমিজমা কিনেছেন। এ ব্য়াপারে বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেননি তাঁরা। ইডি-র অভিযোগ, বাচ্চা ও তাঁর স্ত্রী আয়কর রিটার্নেও ঠিকঠাক হিসাব দেখাননি। কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর দেখিয়েছেন যে, ওদের চাষবাস থেকে আয় আগের বছরগুলির তুলনায় ৭০ গুণ বেড়েছে । এই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা মোট ৮ জনকে অভিযুক্ত করেছে। তবে সম্পত্তি বাজেয়াপ্ত হল এই প্রথম। ইডি জানিয়েছে, মামলার তদন্ত চলছে।