উত্তরপ্রদেশে গবাদি পাচারের সন্দেহে চারজনকে মারধর
Web Desk, ABP Ananda | 25 Jul 2018 11:48 PM (IST)

ফাইল ছবি
হাথরাস: ফের গবাদি পাচারের সন্দেহে চারজনকে মারধর করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের হাথরাস জেলার নাঙ্গলা মান্ধাতা গ্রামে। পুলিশ ঠিক সময়ে সেখানে পৌঁছে জনতার হাত থেকে ওই চারজনকে উদ্ধার করে। তাঁরা সত্যিই গবাদি পাচার করছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসায়ান থানার স্টেশন হাউস অফিসার জিতেন্দ্র কুমার। পুলিশ সুপার সুশীল ঘুলে জানিয়েছেন, অভিযুক্ত চারজন পিক-আপ ভ্যানে করে একটি মরা মহিষ নিয়ে যাচ্ছিলেন। ওই মহিষের মালিকের অভিযোগ, পশুটিকে বিষ দিয়ে মারেন অভিযুক্ত চারজন। এই অভিযোগেই শুরু হয় মারধর। অভিযুক্তদের বিরুদ্ধে গবাদি পশু পাচারের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রাজস্থানের আলওয়ারে গবাদি পশু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে ফের গবাদি পশু পাচারের অভিযোগ গণপিটুনির ঘটনা ঘটল যোগী আদিত্যনাথের রাজ্যে।