লখনউ: ট্রাকচালকদের কাছ থেকে তোলা আদায় করার অভিযোগে উত্তর প্রদেশের বান্দা জেলার নারায়ণীর বিজেপি বিধায়ক রাজকর্ণ কবীরের তুতো ভাই শ্রীবিশাল সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। এই বিজেপি বিধায়কের অবশ্য দাবি, ‘বান্দার পুলিশ সুপার শালিনী আমার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। সম্প্রতি আমার প্রতিনিধি নন্দকিশোর ব্রহ্মচারীর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এখন তিনি আমার তুতো ভাইকেও গ্রেফতার করলেন। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে সত্যি কথা জানাব।’ পুলিশ সুপার বলেছেন, ‘বালি নিয়ে যাওয়া ট্রাকচালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে নারায়ণী থানা এলাকার কর্তাল রোড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বিধায়কের তুতো ভাই বলে মনে করা হচ্ছে। তবে অপরাধী যিনিই হোন না কেন, পুলিশের কাছে সবাই সমান।’ পুলিশ সূত্রে খবর, ট্রাকচালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ পেয়ে সোমবার রাত দুটো নাগাদ অভিযান চালানো হয়। সেই অভিযানেই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।