মহারাষ্ট্রে কুয়োয় পাওয়া গেল কয়েকশো আধার কার্ড, তদন্তের নির্দেশ
Web Desk, ABP Ananda | 14 Mar 2018 10:53 PM (IST)

যবতমল: মহারাষ্ট্রের যবতমল জেলায় একটি কুয়ো থেকে কয়েকশো আধার কার্ড উদ্ধার করলেন স্থানীয় যুবকরা। এই আধার কার্ডগুলি ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে তৈরি করা হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ডাক বিভাগের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। যবতমলের কালেক্টর রাজেশ রাজেশ দেশমুখ জানিয়েছেন, ‘রবিবার কয়েকজন যুবক শিন্ডে নগর অঞ্চলে একটি মন্দির চত্বরে অবস্থিত কুয়োটি পরিষ্কার করছিলেন। তখনই তাঁরা কয়েকটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগগুলি খুলতেই কয়েকশো আধার কার্ড পাওয়া যায়। বেশিরভাগ আধার কার্ডই লোহারা গ্রামের বাসিন্দাদের। অধিকাংশ আধার কার্ডই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে ১৫৭টি আধার কার্ড আংশিক নষ্ট হয়েছে। সেগুলির নম্বর ঠিক আছে। তেহসিলদার সচিন শেজল সেই কার্ডগুলি নিয়েছেন। তাঁকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দোষী তাদের কাউকে রেহাই দেওয়া হবে না।’ তেহসিলদার বলেছেন, ‘আমি গতকাল অবধূতওয়াড়ি থানায় ডাক বিভাগের নাম না জানা আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করেছি। আর কোনও কুয়োয় ডাক বিভাগে জরুরি ভিত্তিতে বিলি করার জন্য পাঠানো আধার কার্ড বা অন্য কোনও নথি পড়ে আছে কি না, সেটা দেখার জন্য স্থানীয় পুরসভাকে নির্দেশ দিয়েছি।’