বিয়ের সময় আট পাক ঘুরে পরিচ্ছন্নতার শপথ নিন, অনুরোধ বিহারের এক বিডিও-র
Web Desk, ABP Ananda | 24 Feb 2018 06:43 PM (IST)

ফাইল ছবি
সুপাউল: বিয়ের সময় প্রথা মেনে সাত পাক নয়, হিন্দু দম্পতিদের আট পাক ঘোরার অনুরোধ জানাচ্ছেন বিহারের সুপাউল জেলার এক মহিলা বিডিও। তাঁর মতে, আট পাক ঘোরার অর্থ পরিচ্ছন্নতার শপথগ্রহণ। রচনা ভারতীয় নামে এই মহিলা বসন্তপুরের বিডিও। তিনি জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করেছেন। এই দলের সদস্যরা বিনা নিমন্ত্রণেই বিয়েবাড়িতে যাচ্ছেন। দম্পতিরা বিয়ের সময় আট পাক ঘুরে পরিচ্ছন্নতার শপথ নিচ্ছেন কি না, সেটা দেখাই এই দলের সদস্যদের কাজ। গতকাল রাতেও বেশ কয়েকটি বিয়েবাড়িতে যান বিডিও এবং তাঁর প্রতিনিধিরা। তাঁরা দম্পতিদের আট পাক ঘুরতে বলেন। বিয়েবাড়িতে হাজির হওয়া অতিথিদের সঙ্গেও কথা বলেন বিডিও। তিনি সবাইকে বিয়ের সময় এবং রোজকার জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝান। তিনি বলেন, বিয়ের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও যদি বাড়িতে শৌচাগার তৈরি না করা হয়, তাহলে উন্নয়নের কথা ফাঁপা শোনায়। বসন্তপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বিডিও। সবাই তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন। বিয়ের সময় দম্পতিরা হাসিমুখেই আট পাক ঘুরছেন।