মুম্বইয়ের অগ্নিকাণ্ডের জন্য জনসংখ্যার বিস্ফোরণকে দায়ী করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2017 05:07 PM (IST)

নয়াদিল্লি: মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে অদ্ভূত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। ওই অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে সংসদের বাইরে সাংবাদিকদের হেমা বলেন, মুম্বইয়ে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। এ ধরনের রেস্তোরাঁর অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে। একটা বাংলো তৈরির সময় এত কিছু নিয়ন্ত্রণ থাকে। সেখানে কীভাবে এ ধরনের রেস্তোরাঁকে অনুমতি দেওয়া হল। মুম্বইয়ে কাজের খোঁজে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢলকেও দায়ী করেছেন বলিউডের অভিনেত্রী। তিনি বলেছেন, মুম্বইয়ে বিপুল জনসংখ্যার জন্য এ ধরনের ঘটনা বারেবারে ঘটছে। শহরে জনসংখ্যা বৃদ্ধিতে রাশ টানাতে কিছু ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন হেমা। তিনি আরও বলেছেন, নির্দিষ্ট একটা সংখ্যার পর প্রত্যেক শহরেরই মানুষের সংখ্যা আর বাড়তে দেওয়া উচিত নয়। হেমা মুম্বই পুলিশের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, পুলিশ দারুণ কাজ করছে।