গয়া ও পটনা: মদ খাওয়ার অপরাধে জেলে পাঠানো হল গয়ার বিজেপি সাংসদ হরি মাজির ছেলে ও তাঁর বন্ধুকে। তবে, এই ঘটনায় বিহারের শরিক দলটির পাশে দাঁড়িয়ে শাসক দলকে ঘুরিয়ে একহাত নিয়েছে বিরোধীরা। তাদের দাবি, রাজ্যের আইনকে দলিতদের বিরুদ্ধে ব্যবহার করছে প্রশাসন।
বিহার পুলিশ জানিয়েছে, মদ খাওয়ার সময়ে সাংসদ-পুত্র রাহুল কুমার মাজি ও তাঁর এক বন্ধুকে গয়া মেডিক্যাল কলেজ থানার অন্তর্গত নামা গ্রামে গিয়ে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে, দুজনকে জেলহাজতে পাঠিয়ে দেন বিচারক।
গত ২ বছর ধরে গোটা বিহারকে মদ-মুক্ত রাজ্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অত্যন্ত কঠোরভাবে মদ-বিরোধী আইন কার্যকর করা হয়েছে। এই প্রেক্ষিতে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
এই ঘটনায় শাসক দলের বিড়ম্বনা বেড়েছে। কারণ, বিহারে জেডিইউ নেতৃত্বাধীন সরকারের শরিক হল বিজেপি। যদিও, গয়া সাংসদ হরি মাজির অভিযোগ, তাঁর ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।
তাঁর দাবি, ওই গ্রামে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে বলে তিনিই পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছেলেকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে গ্রেফতার করল।
এদিকে, সাংসদ-পুত্র জেলে যেতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাজি। তাঁর দাবি, দলিত বলেই বিজেপি-সাংসদ পুত্রকে জেলে যেতে হল। তাঁর অভিযোগ, নিষেধাজ্ঞা আইনকে হাতিয়ার করে গরিব ও দলিতদের হয়রান করছে জেডিইউ প্রশাসন।