বিজেপি চায়, রামমন্দির মামলার শুনানি হোক প্রতিদিন যাতে দ্রুত রায় বেরয় সুপ্রিম কোর্টে, বললেন জাভরেকর
Web Desk, ABP Ananda | 24 Dec 2018 09:14 PM (IST)

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে রোজ শুনানি হওয়া উচিত রামমন্দির জমি বিতর্ক মামলার যাতে দ্রুত তার রায় ঘোষণা হতে পারে। বিজেপি এমনটাই মনে করে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। ২০১৯ এর লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকতে নারাজ হিন্দু্ত্ববাদী গোষ্ঠীগুলি। তারা কেন্দ্রের সরকারের ওপর চাপ বাড়িয়ে দাবি করছে, শীর্ষ আদালতের রায়ের দিকে না তাকিয়ে থেকে অযোধ্যায় রামমন্দির গড়তে আগেই আইন আনুক মোদি সরকার। শরিক শিবসেনা গত মাসেই অযোধ্যায় সভা করেছে, প্রায়ই মন্দির ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করে। যদিও বিজেপি আইন আনার দাবির ব্যাপারে অবস্থান স্পষ্ট করেনি এখনও। প্রসঙ্গত, দ্রুত শুনানির দাবি নাকচ করে সুপ্রিম কোর্ট আগেই জানুয়ারির প্রথম সপ্তাহে একটি ‘যথাযোগ্য বেঞ্চে’ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অযোধ্যা মামলার শুনানি স্থির করে, শুনানির দিনক্ষণও সংশ্লিষ্ট বেঞ্চের হাতেই ছেড়ে দেয়। এই প্রেক্ষাপটেই আজ জাভরেকর বলেন, আমাদের প্রত্যাশা, দৈনিক ভিত্তিতে শুনানি হোক যাতে দ্রুত রায় বেরয়। এছাড়া কেন্দ্র ১০টি এজেন্সিকে সন্দেহের বশে যে কোনও কম্পিউটারের বার্তা আদানপ্রদান খতিয়ে দেখার যে ক্ষমতা দিয়েছে, সে ব্যাপারে বিরোধীদের তোলা নজরদারি, খবরদারির, গোপনীয়তা খর্ব করার যে অভিযোগ নাকচ করে তিনি দাবি করেন, এটা নতুন কিছুই নয়। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় থেকেই এটা হয়ে আসছে। পাশাপাশি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অ-বিজেপি, অ-কংগ্রেসি ফেডেরাল জোট গঠনের প্রয়াসের অঙ্গ হিসাবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠককেও খুব বেশি গুরুত্ব দিতে চাননি জাভরেকর। তিনি বলেন, প্রত্যেক দলেরই নিজের মতো রাজনীতি করার অধিকার আছে।