পালিয়ে বিয়ে করতে অস্বীকার, উত্তর প্রদেশে ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে গুলি
Web Desk, ABP Ananda | 15 Feb 2018 04:52 PM (IST)

হাপুর: প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে অস্বীকার করায় ভ্যালেন্টাইন’স ডে-তে তাঁকে গুলি করল এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই যুবতী হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত যুবক পলাতক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাপুর জেলার পিলখুওয়া থানা এলাকার পুঠা হুসেইনপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, সাগর নামে এই অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁর প্রেমিকার বাড়ির লোকজনের আপত্তি ছিল। সাগর অনেকবার বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার কথা বলেন, কিন্তু তাঁর প্রেমিকা রাজি হননি। এতেই ক্ষুব্ধ হন সাগর। বুধবার সকালে তাঁর প্রেমিকা যখন বাড়ির কাছেই একটি দোকানে কিছু জিনিসপত্র কিনতে যান, তখন সাগর তাঁকে গুলি করে পালিয়ে যান। আহত যুবতীকে তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেন। সাগরের খোঁজ করছে পুলিশ।