কেন্দ্রপাড়া: গয়না-নগদ বা আসবাব নয়, 'পণ' হিসেবে এক হাজার ফলগাছের চারা নিয়ে বিয়ে করলেন স্কুলশিক্ষক পাত্র। অভিনব এই ঘটনাটি ঘটেছে ওড়িশায়।

খবরে প্রকাশ, কেন্দ্রপাড়ার বাসিন্দা ৩৩ বছরের সরোজকান্ত বিশওয়ালের বিয়ে ঠিক হয় জেলারই মর্শাঘাই মহকুমার অন্তর্গত আদমপুরের বাসিন্দা রাশিরেখার সঙ্গে, যিনিও পেশায় স্কুলশিক্ষক।

বিয়েতে পাত্রীপক্ষের কাছে পাত্র দাবি করেন, পণ হিসেবে কোনও বহুমূল্য জিনিস নয়, তাঁর চাই গাছের চারা। পাত্রের এই অভিনব শর্ত খুশি-খুশি মেনে নেন পাত্রীর পরিবার।

সেই মতো, পাত্রীপক্ষের তরফে হবু জামাইকে এক হাজার এক ফলগাছের চারা দেওয়া হয়। সানন্দচিত্তে সেই উপহার গ্রহণ করেন সরোজ।

তিনি বলেন, আমি বিয়েতে পণপ্রথার পরিপন্থী। পাশাপাশি, ছোটবেলা থেকেই আমি একজন পরিবেশ-প্রেমিক। তাই আমি এমন শর্ত দিয়েছিলাম। গত শনিবার, সরোজ ও রাশিরেখার বিবাহ সম্পন্ন হয়।

জানা গিয়েছে, বিয়েতে কোনও ধূমধাম বা অনর্থক খরচ করা হয়নি। ছিল না কোনও ব্যান্ড, ছিল না কোনও বাজি। অত্যন্ত কম খরচে, সম্পন্ন হয় বিয়ে।