ত্রিপুরায় তিন সহকর্মীকে গুলি করে মেরে আত্মহত্যা বিএসএফ জওয়ানের
Web Desk, ABP Ananda | 06 May 2018 04:27 PM (IST)

কৈলাসহর: সার্ভিস রাইফেল থেকে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার মাগুরুলি অঞ্চলে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, মৃত জওয়ানদের দেহ তাঁদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইরানি থানার ওসি স্বপন দেববর্মা জানিয়েছেন, ‘গতকাল রাত একটা নাগাদ এই ঘটনা ঘটেছে। ডিউটি শেষ হয়ে যাওয়ার পর হেড কনস্টেবল বিজয় কুমারের কাছে সার্ভিস রাইফেল জমা দিতে যান কনস্টেবল শিশু পাল। হঠাৎ তিনি গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয়। এরপর আরও দুই কনস্টেবল রিঙ্কু কুমার ও রাকেশ কুমার যাদবকে লক্ষ্য করেও গুলি চালান ওই কনস্টেবল। হাসপাতালে মৃত্যু হয় জখম রিঙ্কু ও রাকেশের। কী কারণে ওই কনস্টেবল এই ঘটনা ঘটালেন, সেটা জানা যায়নি।’