বুখারি হত্যা 'সন্ত্রাসবাদী হামলা', গ্রেফতার ১ সন্দেহভাজন
Web Desk, ABP Ananda | 15 Jun 2018 08:23 PM (IST)
শ্রীনগর: সাংবাদিক সুজাত বুখারি ও তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের (পিএসও) হত্যাকাণ্ডের ব্যাপারে জুবেইর কাদরি নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল স্বয়ম প্রকাশ পানি। তিনি জানান, বুখারির সঙ্গেই গুলিতে নিহত পিএসও-র পিস্তল হাতিয়ে নিতে ভিডিওতে কাদরিকে দেখা গিয়েছে। পানি বলেন, পিস্তলটি উদ্ধার হয়েছে। ওকে অপরাধস্থলে উপস্থিতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি ও। বাকি তিন হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। পানি জানান, রাজ্য পুলিশ গতকাল রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক বুখারির হত্যার তদন্তে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (সেন্ট্রাল কাশ্মীর) ভি কে ভিরদির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ প্রথম সারির এই সাংবাদিকের হত্যা 'সন্ত্রাসবাদী হামলা' বলে জানিয়েছে। গতকাল সন্ধ্যায় লালচকের সিটি সেন্টারের প্রেস এনক্লেভে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই বন্দুকধারীদের গুলিতে নিহত হন বুখারি।