পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এটা সহ্য করা হবে না, দাবি ভারত সফরে আসা নিকি হ্যালির
Web Desk, ABP Ananda | 28 Jun 2018 05:04 PM (IST)

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: পাকিস্তান জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে। এটা সহ্য করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইসলামাবাদকে এই বার্তা দিয়েছে। এমনই দাবি করলেন রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেছেন, ‘যারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, সে বিষয়ে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা সহ্য করা যাবে না।’ হ্যালি আরও বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে আরও লড়াই করতে হবে। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের সদস্যপদের দাবিকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেছেন হ্যালি। তাঁর মতে, ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকে সহিষ্ণুতার মাধ্যমেই একত্রিত করে রাখা সম্ভব। চিনের বিষয়ে তিনি বলেছেন, এই দেশটি গুরুত্বপূর্ণ। কিন্তু বেজিং গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেয় না। এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কাছে উদ্বেগের বিষয়।