মুম্বই: সাম্প্রতিকতম সংস্করণের প্রচ্ছদে একটি শিশুকে স্তন্যপান করানো অবস্থায় অভিনেত্রী ও লেখিকা গিলু জোশেফের ছবি থাকায় মালয়লম পত্রিকা গৃহলক্ষ্মীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন কেরলের এক আইনজীবী। বিনোদ ম্যাথু উইলসন নামে এই আইনজীবীর অভিযোগ, পত্রিকার প্রচ্ছদে থাকা ছবিটি অশ্লীল এবং এর মাধ্যমে মহিলাদের অবমাননা করা হয়েছে। মহিলাদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপন বিরোধী আইনের ৩ ও ৪ নম্বর ধারায় ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কোল্লামের আদালতের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেছেন বিনোদ। গৃহলক্ষ্মীর ১ মার্চ সংস্করণের প্রচ্ছদে এই ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘মায়েরা কেরলকে বলে দিন: তাকাবেন না, আমরা স্তন্যপান করাতে চাই।’ গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। যদিও বেশিরভাগ মানুষই প্রচ্ছদের প্রশংসা করেছেন। অনেকে আবার এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যা দিয়েছেন। এই বিতর্ক প্রসঙ্গে গিলু বলেছেন, ‘আমি যেটা ঠিক বলে মনে করেছি সেটাই করেছি। ব্যর্থ হলেও আমার কোনও আফশোস নেই। এই ছবিটির সঙ্গে যৌনতাকে যুক্ত করা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। এই ছবিটা কি সুন্দর নয়? কেন মনে হচ্ছে এটা খারাপ? সন্তানকে স্তন্যপান করালে কোন দেবতা রুষ্ট হবেন?’ গৃহলক্ষ্মীর সম্পাদক মন্সি জোশেফ বলেছেন, ‘মাসখানেক আগে এক ব্যক্তি ফেসবুকে তাঁর স্ত্রীর সন্তানকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করেন। এই ছবি পোস্ট করে তিনি প্রকাশ্যে মায়েদের সন্তানকে স্তন্যপান করানো নিয়ে আলোচনা শুরু করেন। কিন্তু পুরুষ ও মহিলারা এই ছবির সমালোচনা করেন। সেই কারণেই আমরা সাম্প্রতিকতম সংস্করণটি মায়েদের স্তন্যপান করানোর প্রতি উৎসর্গ করেছি।’