পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ করাই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 03 Nov 2017 04:33 PM (IST)

নয়াদিল্লি: আগামী পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। আজ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বমানের খাদ্য প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা চালু করেছি। এই প্রকল্পে ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর ফলে ২০ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং আগামী তিন বছরে পাঁচ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, কৃষকদের কথা মাথায় রেখেই খাদ্য প্রক্রিয়াকরণের উপর জোর দেওয়া হচ্ছে। ভারতের শস্য ও জোয়ার, বাজরা প্রতিকূল আবহাওয়াতেও ভাল থাকে। এগুলিকে ব্যবসার কাজে লাগানো যেতে পারে। তাতে যেমন কৃষকদের আয় বাড়বে তেমনই পুষ্টির মানও বাড়বে। খাদ্য প্রক্রিয়াকরণ ভারতীয়দের জীবনযাত্রার ধরন। ভারতীয়রা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আচার, পাঁপড়, চাটনি, মোরব্বার মতো যে খাবারগুলি তৈরি করেন, সেগুলি যেমন উচ্চশ্রেণির লোকজনের পছন্দের, তেমনই সাধারণ মানুষও খেতে ভালবাসেন। সম্প্রতি বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, সহজে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়েছে ভারত। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত উন্নতি করছে। ভারতীয় অর্থনীতিতে বেসরকারি সংস্থাগুলির যোগদান বাড়ছে। তবে আরও বিনিয়োগ দরকার। বণিকসভা সিআইআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে তিনদিনের আন্তর্জাতিক খাদ্য মেলা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া আয়োজন করেছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক। এই অনুষ্ঠানে বিনিয়োগকারী, উৎপাদনকারী, নীতি নির্ধাকরা হাজির হয়েছেন।