মাওবাদীদের পলিটব্যুরো নেতারা যোগ দিলে আলোচনায় বসতে রাজি, জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী
Web Desk, ABP Ananda | 20 May 2018 06:38 PM (IST)

নয়াদিল্লি: ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ে রবিবার আইইডি বিস্ফোরণে ৭ জন পুলিশকর্মী নিহত হয়েছেন। কিন্তু ছত্তিশগড়ের বিজেপি মুখ্যমন্ত্রী রমন সিংহ মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসার পক্ষপাতী। তিনি জানিয়েছেন, মাওবাদীদের শীর্ষনেতারা সামিল হতে রাজি থাকলে তাঁর সরকার তাদের সঙ্গে কথাবার্তা বলতে তৈরি। রমন বলেন, নকশালদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত আমরা। তবে আলোচনায় ওদের পলিটব্যুরো সদস্যরা থাকলেই কোনও উপযোগী সিদ্ধান্ত হতে পারে। মাওবাদ সহ সবচেয়ে জটিল সমস্যাগুলিও উন্নয়নের পথে মিটে যেতে পারে বলে বিশ্বাস তাঁর। বিকাশ যাত্রা কর্মসূচিতে রাজ্যের জেলায় জেলায় যাচ্ছেন রমন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মাওবাদী কবলিত এলাকাগুলিতে উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা জোরদার করে স্থানীয় জনগণকে উন্নয়নের মাধ্যমে মূলস্রোতে সামিল করার প্রয়াস চলছে বলে জানান তিনি। এও জানান, জাতীয় ও রাজ্য হাইওয়ে তৈরি হচ্ছে যার ফলে মাওবাদী কার্যকলাপ কমেছে। রমন বলেন, ২০১৩-র বিধানসভা ভোটে কংগ্রেস মাওবাদী অধ্যুষিত বস্তারে বেশি আসন পেলেও এবার আমরা আরও ভাল ফল করব। তিনি জানান, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বস্তারের বিজাপুর থেকে আয়ুস্মান ভারত-ন্যাশনাল হেলথ প্রটেকশন স্কিমের একটি ধাপের সূচনা করেছেন। তাঁর দাবি, বিরোধী দলগুলির 'নকল জোট' নিজেদের 'ঘরোয়া ঝগড়া'তেই ভেঙে যাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কোনও চ্যালেঞ্জই নেই। যদিও কংগ্রেস ক্রাচে ভর দিয়ে কর্নাটকে টিঁকে থাকার চেষ্টা করছে। কংগ্রেস সাকুল্যে সারা দেশের মাত্র ১০ শতাংশ এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে, কার্যত একটি আঞ্চলিক পার্টিতে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।