নয়াদিল্লি: বিতর্কের পর ফের একবার সুপ্রিম কোর্টের চার ‘বিদ্রোহী’ বিচারপতিদের সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। সমস্যার সমাধানে পৌঁছতে এই নিয়ে দ্বিতীয়বার এই বৈঠক হল। যদিও, সমাধান এখনও অধরাই।
খবরে প্রকাশ, বৃহস্পতিবার চার বিচারপতি-- জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, এম বি লোকুর ও ক্যুরিয়েন জোসেফের সঙ্গে প্রায় ১০-১৫ মিনিট কথা বলেন দীপক মিশ্র। সূত্রের খবর, চার বিচারপতিকে তিনি জানান, তাঁদের দাবির সম্পর্কে তিনি অবগত। বিষয়টি বিবেচনা করছেন বলে চারজনকে আশ্বস্ত করেন প্রধান বিচারপতি।
এর আগে, মঙ্গলবার প্রথমবার চার বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। বৈঠকটি নিজে ডেকেছিলেন প্রধান বিচারপতি। আলোচনায় বিরোধ-বিবাদের বিষয়গুলিতে ঐকমত্য না হওয়ায় এদিন ফের বৈঠকে বসেন পাঁচজন।
সূত্রের খবর, এদিনের বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আরও চার বিচারপতি। তাঁরা হলেন—এ কে সিকরি, এন ভি রমান্না, ইউ ইউ ললিত এবং ডি ওয়াই চন্দ্রচূড়। যদিও, সূত্রের খবর, সমস্যা এখনও মেটেনি।
ফলত, সোমবার ফের দুই বিবাদমান পক্ষে ফের একবার বৈঠকে বসতে পারেন।
