নয়াদিল্লি: রাহুল গাঁধী নাকি বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি! তাঁকে উদ্ধৃত করে মিডিয়ায় প্রকাশিত এহেন রিপোর্টের বিরোধিতা করে কংগ্রেস জানিয়ে দিল, তারা ধর্ম, জাতপাতের ভিত্তিতে বৈষম্য, বিভাজন করে না। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইট করেন, সরকার ব্যর্থ হলে গুজবের শাসন দেখা যায়। কংগ্রেস ১৩২ কোটি ভারতীয়ের দল, তাদের ধর্ম, জাত, গায়ের রং, কে কোন এলাকার, এসব বিচার্য নয়। কারণ কংগ্রেস হল ভারতের ভিত্তি। আমাদের সেই পথ থেকে বিচ্যুত করতে পারবে না কোনও ভক্ত। জয় হিন্দ! সোস্যাল মিডিয়ায় একটি উর্দু দৈনিকের এক রিপোর্টে ২০১৯-এর নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলা হয়। কংগ্রেস সভাপতির একদল মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকের পরই এই রিপোর্ট সামনে আসে। সেই বৈঠকে রাহুলকে পরামর্শ দেওয়া হয়, কংগ্রেস আত্মসমীক্ষা করুক। কংগ্রেস যখন সার্বিক বিকাশ, 'সাজা বিরাসত'-এর কথা বলছে, তখন তারা সত্তরের দশকে কীভাবে কাজ করত, সেটা ভেবে দেখুক, এই প্রস্তাব দেওয়া হয় তাঁকে। যদিও সেখানে আসন্ন নির্বাচন ও মুসলিমদের জন্য পার্সনাল ল বোর্ডের ব্যাপারে কোনও আলোচনা হয়নি বলে খবর।