কাজের সুরক্ষায় কেন্দ্রীয় আইন চাই, মোদীকে এক লক্ষ পোস্টকার্ড পাঠাবেন গৃহপরিচারকরা, জানাল কংগ্রেস
Web Desk, ABP Ananda | 16 Jun 2018 08:11 PM (IST)

নয়াদিল্লি: দেশব্যাপী গৃহপরিচারকদের কাজের নিশ্চয়তা ও সামাজিক উন্নয়নের ব্যাপারে কেন্দ্রীয় আইন চালুর দাবিতে প্রচারে নামছে কংগ্রেস। আজ আন্তর্জাতিক গৃহপরিচারক দিবস উপলক্ষ্যে প্রচারের সূচনা করে অল ইন্ডিয়া আনঅর্গানাইজড ওয়ার্কাস কংগ্রেসের চেয়ারম্যান অরবিন্দ সিংহ জানান, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক লক্ষ পোস্টকার্ড পাঠাবেন গৃহ পরিচারকরা। তিনি বলেন, কেন্দ্র গৃহপরিচারকদের জন্য জাতীয় নীতি আনতে চাইলেও তাতে গরিব, প্রান্তিক গৃহভৃত্যদের সুবিধা হবে না কেননা সেই পলিসি কেবলমাত্র 'কাগজে কলমেই' রয়ে গিয়েছে। একমাত্র একটি কেন্দ্রীয় আইনেই তাদের অধিকার অক্ষরে অক্ষরে সুরক্ষিত রাখা সম্ভব। এ জাতীয় আইনের লক্ষ্য হওয়া হবে দেশের প্রায় ১ কোটি গৃহপরিচারকের জন্য অনুকূল কাজের পরিবেশ তৈরি করা, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া। তাঁদের সংগঠন কেন্দ্রের কাছে গৃহপরিচারকদের ব্যাপারে একটি খসড়া আইন পেশ করেছে বলে জানান তিনি। তাতে গৃহপরিচারকদের বেতন, ছুটিছাটার সংখ্যা বেঁধে দেওয়া, বৃদ্ধ বয়সে তাঁদের পেনশন ও কাজের হদিশ দেওয়া এজেন্সিগুলিকে নিয়ন্ত্রণের মতো সামাজিক সুরক্ষামূলক পদক্ষেপে জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত গৃহপরিচারকরা দাবি করেন, জরুরি পরিস্থিতিতে ব্যবহারের তাঁদের জন্য তহবিল হোক। তিনি এও জানান, কেন্দ্রীয় সরকার ২০০৮ সালে গৃহপরিচারক সহ অসংগঠিত কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা আইন চালু করলেও তাতে স্পষ্ট করা হয়নি গৃহপরিচারক কাদের বলা হবে। অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, রাজস্থান, কেরল সহ একাধিক রাজ্যে গৃহপরিচারকদের বেতন বেঁধে দেওয়া হলেও তা শুধু খাতায় কলমেই রয়ে গিয়েছে, তা প্রয়োগ করার কোনও ব্যবস্থা নেই।