কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই মহিলা সংরক্ষণ বিল পাশ, বললেন রাহুল, কর্নাটক ভোটে মেয়েদের বেশি টিকিট দিতেও নির্দেশ
Web Desk, ABP Ananda | 24 Feb 2018 09:03 PM (IST)

তিকোটা (কর্নাটক): কেন্দ্রে একবার ক্ষমতায় এলেই তাঁর দল সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করাবে বলে কর্নাটকে ভোটপ্রচারে ঘোষণা করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি শনিবার এখানে 'স্ত্রী শক্তি সমাবেশ'-এ বলেন, আমরা পঞ্চায়েতরাজে মহিলাদের জন্য সংরক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি। সংসদে মহিলা সংরক্ষণের ব্যাপারে বিল এনেছিলাম, যা বিজেপি আজও কার্যকর করেনি। একবার দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় আসুক, লোকসভা, রাজ্যসভায় মহিলা সংরক্ষণ চালু করবে। ভোটমুখী কর্নাটকে কংগ্রেস সভাপতি এদিনের সমাবেশে ভাল সংখ্যায় মহিলারা আসায় সন্তোষ প্রকাশ করে রাজনীতি, সরকারেও মহিলাদের আরও বেশি জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেন। বলেন, আমি দেখতে চাই, একদিন বিধানসভা, লোকসভা ও রাজ্যসভা, মন্ত্রিসভায়ও বেশি বেশি মহিলারা আসবেন, তাঁদের কন্ঠস্বর শোনা যাবে দেশের প্রতিটি কোণে। রাহুল কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি, মুখ্যমন্ত্রী ও সাধারণ সম্পাদককেও এটা সুনিশ্চিত করার নির্দেশ দেন যে, মহিলারা রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে আরও বেশি টিকিট পাবেন। রাহুল জানান, তিনি মহিলাদের ভরসা দিতে চান যে, যেখানেই কংগ্রেস থাকাবে, তারা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি করে কাজ করবে। তিনি বলেন, বিধানসভায় মহিলা মুখ চাই। শুধু বিধানসভায়ই নয়, রাজ্যের আগামী কংগ্রেস সরকারেও আরও মহিলাদের মন্ত্রী হিসাবে দেখতে চাই।