নয়াদিল্লি: টাকা ময়লা হলেও তার দর কমে না। তবে, ময়লা টাকার থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কার কথা শোনাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)।

দেশের সর্বোচ্চ খাদ্য নিয়ন্ত্রকের দাবি, বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং যাঁদের রোগ-প্রতিরোধ শক্তি কম—তাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। এই মর্মে সবকটি রাজ্যের সংশ্লিষ্ট খাদ্য কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত প্রচার চালাতে।

এফএসএসএআই-এর পরামর্শ, খাবারের হাতে নোট এবং কয়েন না ব্যবহার করতে। এই প্রেক্ষিতে খাবারের দোকান ও বিক্রেতাদের উদ্দেশ্যে খাবার দেওয়ার হাতে টাকা নেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রায়ই খাবার বিক্রেতারা প্রায়ই যে হাতে খাবার তৈরি করে ও ক্রেতাদের দেন, সেই হাতেই টাকা নেন। এর ফলে, টাকা ময়লা হয়, তাতে সংক্রমণ ছড়ায়।

এফএসএসএআই-এর এক নির্দেশিকায় বলা হয়েছে, অপরিষ্কার ও ময়লা হাতে লেনদেন, থুথু ও লালা দিয়ে গোনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রেখে দেওয়া হলে তার ওপর ক্ষতিকারক জীবাণুতে সংক্রমীত হয় নোটগুলি।

সংস্থার মতে, এতে পরবর্তীকালে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারেন বহু মানুষ। যেমন, খাদ্যে বিষক্রিয়া থেকে শুরু করে ত্বক, শ্বাসজনিত এবং পাকস্থলীর বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে।

এফএসএসএআই জানিয়েছে, বিশেষ করে রোগের শিকার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং যাঁদের রোগ-প্রতিরোধের ক্ষমতা সীমিত।