বেঙ্গালুরু: এক মহিলার গলব্লাডার থেকে ৯৯টি পাথর বার করলেন চিকিৎসকরা। কর্ণাটকের টুমাকুরু জেলার সরকারি হাসপাতালে ৪৫ বছর বয়সি ওই মহিলার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার গলব্লাডার থেকে বার করা তিনটি পাথর ১২ মিলিমিটার আকারের। বাকিগুলি চার থেকে পাঁচ মিলিমিটার আকারের। শল্যচিকিৎসক ওয়াসিম ইমরান জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই ওই মহিলার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। স্ক্যান করে তাঁর গলব্লাডারে অসংখ্য পাথর থাকার কথা জানা যায়। এছাড়া তাঁর হার্নিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেদবাহুল্য ও হৃদযন্ত্রের সমস্যা ছিল। ফলে অস্ত্রোপচার করা যথেষ্ট ঝুঁকির ছিল। গতকাল আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এখন ওই মহিলা ভাল আছেন।’ ওই মহিলার স্বামী দিনমজুরের কাজ করেন। আর্থিক সঙ্গতি না থাকায় তাঁদের পক্ষে অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর কোনও নামী হাসপাতালে যাওয়া সম্ভব হয়নি। সেই কারণেই তাঁরা টুমাকুরুর সরকারি হাসপাতালে যান। সেখানেই সফলভাবে হল অস্ত্রোপচার।