পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অভ্যন্তরীণ কক্ষের চাবি হারিয়ে যাওয়া নিয়ে যাবতীয় বিতর্কের অবসান। নকল চাবি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুরীর কালেক্টর অরবিন্দ অগ্রবাল। তিনি জানিয়েছেন, বাদামি রঙের একটি সিল করা খামের মধ্যে ছিল সেই চাবি। পাঁচদিন ধরে খোঁজার পর জেলার রেকর্ড রুমে পাওয়া গিয়েছে চাবিটি। চারজন কর্মী চাবিটি খুঁজছিলেন। তাঁরাই সেটি খুঁজে পান। খামের উপর লেখা ছিল, রত্নভাণ্ডারের নকল চাবি। খামে দু’টি চাবি ছিল। এই চাবি খুঁজে পাওয়ার পর এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অভ্যন্তরীণ কক্ষের চাবি হারিয়ে যাওয়া নিয়ে ওড়িশায় তোলপাড় শুরু হয়। এ মাসের ৪ তারিখ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মন্দিরের মুখ্য প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিনিয়র আইএএস অফিসার পি কে জেনাকে। শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। নকল চাবি খুঁজে পাওয়ার পরেও যা থামেনি। ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়েক ট্যুইট করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘রত্নভাণ্ডারের নকল চাবি পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। নিয়ম অনুযায়ী নকল চাবি ব্যবহার করা যায় না। এতদিন এই চাবি কোথায় ছিল? নকল চাবির অস্তিত্বের বিষয়ে সরকার এতদিন কেন নীরব ছিল? আসল চাবিই বা কোথায়? সে বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই।’ বিজেপি মুখপাত্র পীতাম্বর আচার্য পুরীর কালেক্টরের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, দু’মাস ধরে মানুষকে কেন নকল চাবির বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল? হঠাৎ কোথা থেকে এই চাবি পাওয়া গেল?