নয়াদিল্লি: উড়ানে যাত্রীদের জন্য হিন্দু মিল বাতিল করার কথা ঘোষণা করেও, বিতর্কের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল এমিরেটস। গতকাল এই বিমান সংস্থা জানিয়েছিল, যাত্রীরা বিভিন্ন প্রদেশের নিরামিষ ও বিশেষ মিল বেছে নিতে পারেন। তাই আলাদা করে আর হিন্দু মিল দেওয়া হবে না। কিন্তু বিতর্ক শুরু হওয়ায় আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের যাত্রীদের কাছ থেকে যে মতামত পেয়েছি, তার এমিরেটস জানিয়ে দিচ্ছে, হিন্দু মিলের ব্যবস্থা চালু থাকবে। হিন্দু যাত্রীদের পক্ষে যাতে সহজে এই মিল চিহ্নিত করে সেটি দেওয়ার অনুরোধ করা সম্ভব হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এমিরেটসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হিন্দু মিল ছাড়াও যাত্রীদের জন্য নিরামিষ জৈন মিল, ভারতীয় নিরামিষ মিল, কোশার মিল ও গোমাংসবিহীন আমিষ মিলের ব্যবস্থা রয়েছে। হিন্দু যাত্রীরা আগেই পছন্দমতো খাবারের অর্ডার দিতে পারেন।