বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত মহিলা, জখম বোন, অভিযুক্ত গোয়ার বিধায়ক-পুত্র
Web Desk, ABP Ananda | 09 Oct 2018 08:01 PM (IST)

বেলাগাভি (কর্নাটক): গোয়ার এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে দুই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। সোমবার বিকালে ন্যাশনাল হাইওয়ে-৪ এর ওপর ওই গাড়ি দুর্ঘটনায় জখম দুই মহিলার একজন মারা গিয়েছেন। জখম তাঁর বোন। পুলিশ কমিশনার ডি সি রাজাপ্পা বলেছেন, ১৮ বছরের মেয়েটি ও তাঁর বোন ফলের বাজারের কাছে হাইওয়ে পেরচ্ছিলেন। আচমকা তীব্র গতিতে ছুটে এসে দুজনকে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি, যার চালকের আসনে ছিলেন গোয়ার বিধায়ক গ্লেন টিকলোর ছেলে সেইল গ্লেন সুজা টিকলো। ২৭ বছরের সেইলকে গ্রেফতার করা হয়, তবে মঙ্গলবার তিনি জামিনে ছাড়া পান। গাড়ির ধাক্কায় জখম তাইনিয়াত ওয়াহিদ বিস্তি পরে মারা যান। সামরিন খালিদ বিস্তি নামে অপর জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পুলিশ কমিশনার। রাজাপ্পা জানান, সেইলের গাড়ি দুই মহিলাকে ধাক্কা মারার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আশপাশ থেকে অশান্ত জনতা ছুটে এসে গাড়ি ঘিরে ফেলে, ইটপাথর ছোঁড়ে। গাড়ির জানালার কাচ ভাঙে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। তবে পুলিশ ছুটে গিয়ে জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশকর্তাটি।