১৬ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার গোধরাকাণ্ডের অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 30 Jan 2018 04:31 PM (IST)

আমদাবাদ: ১৬ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে ধরা পড়ল ২০০২-এর গোধরাকাণ্ডের অভিযুক্ত ইয়াকুব পাতালিয়া। গোধরা থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ৬৩ বছরের ইয়াকুবকে আজ সকালে সেখানে দেখা গিয়েছে বলে সূত্র মারফত্ খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাকে পাকড়াও করে পুলিশ। তাকে গোধরাকাণ্ডের তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে তুলে দেওয়া হবে। ২০০২ এর ২৭ ফেব্রুয়ারি গোধরা রেল স্টেশনে সবরমতী এক্সপ্রেসের কামরায় যে মারমুখী জনতা আগুন ধরিয়ে দিয়েছিল বলে অভিযোগ, সেই ভিড়ে ছিল ইয়াকুব । সেদিন কামরায় থাকা ৫৯ জন করসেবকের মৃত্যু হয়েছিল। তার জেরে গুজরাতজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক হিংসা। ২০০২ এর সেপ্টেম্বর ইয়াকুবের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ১৪৩ ১৪৯ (বেআইনি জমায়েত), ১৪৭ ও ১৪৮ (মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো), ৩৩২ ও ৩৫২ (সরকারি অফিসারকে দায়িত্ব পালনে বিরত রাখতে আঘাত করা)ও ১৫৩ এ (বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটানো) ধারায় অভিযুক্ত করা হয়েছে তাকে। পাশাপাশি রেলওয়ে আইনের বেশ কিছু ধারাও প্রয়োগ করা হয়েছে। তারপর থেকে সে ফেরার ছিল বলে জানিয়েছে পুলিশ। ২০১৫-য় গ্রেফতার হয় তার ভাই কাদির। বিচার চলাকালে জেলেই তার মৃত্যু হয়। ইয়াকুবের বড় ভাই আয়ুব পাতালিয়া ভদোদরা সেন্ট্রাল জেলে যাবজ্জীবন জেল খাটছে। ২০১৭-র অক্টোবর দেওয়া রায়ে গুজরাত হাইকোর্ট গোধরাকাণ্ডের ১১ দোষীর মৃত্যুদণ্ড মকুব করে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়, ২০ জনের যাবজ্জীবন কারাবাসের শাস্তি বহাল রাখে। নিম্ন আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করে ৬৩ জন অভিযুক্তকে রেহাই দিয়েছিল। সেই রায় বহাল রাখে হাইকোর্ট।