নয়াদিল্লি: মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে ফেসুবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সংস্থার জবাব চেয়ে পাঠাল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগ উঠেছে যে বিভিন্ন ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র প্রস্তুতকারী সংস্থার কাছে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য সহ বন্ধু-তালিকা পাঠিয়ে দিয়েছে।

এই খবরে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। কেন্দ্রের মতে, অভিযোগ যদি সত্যি হয় তাহলে ফেসবুক কর্তৃপক্ষের তরফে গুরুতর খেলাপ হয়েছে, যা অনভিপ্রেত। এই প্রেক্ষিতে আগামী ২০ জুনের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষের জবাব তলব করা হয়েছে।

কেন্দ্রের চিঠির প্রেক্ষিতে ফেসবুকের তরফে জানানো হয়েছে, তারা মানুষের তথ্য সুরক্ষার বিষয়ে দায়বদ্ধ। সংস্থার এক মুখপাত্র বলেন, আমরা সর্বদা মানুষের তথ্য সুরক্ষিত রাখি। সরকারের কোনও প্রশ্ন থেকে থাকলে, তার জবাব অবশ্যই দেব।

ইতিমধ্যেই, ইউকে-র সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার হাতে প্রায় ৮.৭ কোটি ইউজারের তথ্য অবৈধভাবে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিশ্বেক বিভিন্ন দেশে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ফেসবুককে।

এর জন্য গত মার্চ মাসেই ফেসবুক ও কেমব্রিজ অ্যানালিটিকাকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। নোটিসের জবাবে ফেসবুক জানায়, ব্যবহারকারীদের অ্যাপ (অ্যাপলিকেশন) ইনস্টল করার ফলে, ভারতে প্রত্যক্ষভাবে ৩৩৫ জন এবং পরোক্ষভাবে ৫,৬২,১২০ জন প্রভাবিত হয়েছেন। সেই সময় ক্ষমা চেয়ে কেন্দ্রের কাছে ফেসবুক প্রতিশ্রুতি দেয়, ব্যবহারকারীদের তথ্য-সুরক্ষা কঠোরভাবে পালন করা হবে।