নয়াদিল্লি: সংগঠিত দুর্নীতিকে নির্মূল করতে একাধিক সংগঠিত পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র। এমনটাই জানালেন নরেন্দ্র মোদী। তাঁর আশ্বাস, সাধারণ মানুষের সুরাহায় আরও সচেষ্ট হবে সরকার।
শুক্রবার, উঠতি উদ্যোগপতিদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, কেন্দ্র ইতিমধ্যেই সরকারি গ্রুপ-৩ ও গ্রুপ-৪ পদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের প্রথা তুলে দিয়েছে। এর ফলে, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া দালালচক্রের অবসান হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এটা দুঃখের যে, দুর্নীতি এখন সংগঠিত হয়ে পড়েছে। যতক্ষণ না অপনি সংগঠিতভাবে এর মোকাবিলা করছেন, ততদিন একে রোখা সম্ভব নয়। মোদী জানান, দালালদের এখন কোনও ভূমিকা বা কাজ নেই। তারাই সবচেয়ে বেশি কর্মসংস্থানের অভাব নিয়ে চিৎকার করতেন।
প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, শুধুমাত্র সরকার বা তার উদ্যোগ দিয়ে নতুন ভারত গঠন করা সম্ভব নয়। এর জন্য দেশের প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে। তাঁরাই বদল নিয়ে আসবে। মোদী বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন, শংসাপত্রের আত্ম-প্রত্যায়ণ করা, নিচু পদের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেওয়া।
