এইচ১ বি ভিসা: ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে মার্কিন প্রশাসনকে, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র
web desk, ABP Ananda | 31 Jan 2017 07:29 PM (IST)

নয়াদিল্লি: এইচ১বি ও অন্যান্য কাজ সংক্রান্ত ভিসা ব্যবস্থার খোলনলচে বদলানোর কথা জানিয়েছে নতুন মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লক্ষ্যে নতুন নির্দেশে সই করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এর কী প্রতিক্রিয়া হতে পারে ভারতের ওপর, তা নিয়ে জল্পনার মধ্যেই বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, এ প্রসঙ্গে ভারতের উদ্বেগ, চিন্তার কথা মার্কিন প্রশাসন ও মার্কিন কংগ্রেসের ওপর মহলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সরকার প্রশাসনিক নির্দেশের একটি খসড়া তৈরি করেছে এবং সেই নির্দেশের ফলে ভারতীয় কোম্পানিগুলি, বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির বড় ক্ষতি হবে বলে নানা রিপোর্টে যে আশঙ্কার কথা রয়েছে, তারপরই আমেরিকার কাছে বিষয়টি তোলা হয়েছে কিনা, তা জানাননি তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব সিন স্পাইসার গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট প্রশাসনিক নির্দেশ ও কংগ্রেসের পদক্ষেপের মাধ্যমে বৃহত্তর অভিবাসন সংস্কারের প্রয়াস চালিয়ে যাবেন বলে আমার মনে হয়। তারই অঙ্গ এইচ১বি ও অন্যান্য ভিসা। কয়েকটি মহলের দাবি, ওই প্রশাসনিক নির্দেশের খসড়া ফাঁস হয়েছে বেশ কয়েকটি ওয়েবসাইটে। তা থেকে জানা গিয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অপশনাল হাতেকলমে প্রশিক্ষণ সংক্রান্ত ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন, ফলে পড়াশোনা শেষ হওয়ার পর আমেরিকায় বাড়তি কিছুদিন থাকার সুবিধা পেতেন পড়ুয়ারা। ট্রাম্প এবার উল্টো অবস্থান নিয়ে সেই সুবিধা বন্ধ করে দিচ্ছেন। খসড়ায় এইচ১বি ও এল১ ভিসার সুবিধা সঙ্কোচনের কথা রয়েছে। এইচ১বি ভিসার আবেদনকারীদের প্রায় দুই-তৃতীয়াংশই ভারতীয় নাগরিক যাঁরা টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা অথবা অ্যাকসেঞ্চার, আইবিএম, গুগুলের মতো সংস্থার স্থানীয় কর্মসূচিতে কাজ করেন।