নয়াদিল্লি: সিনেমা দুনিয়া থেকে নানা পেশার মানুষজন নরেন্দ্র মোদিকে দেখে বিজেপিতে এসেছেন। সোমবার বিজেপিতে যোগ দিলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁর অনুপ্রেরণা, শাসক দলে নাম লিখিয়ে জানিয়েছেন এই নামী কেশসজ্জা শিল্পী। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ পর্যন্ত ছিলাম চুলের চৌকিদার বা রক্ষাকর্তা, আজ দেশের চৌকিদার হয়ে গেলাম। তিনি আরও বলেছেন, বিজেপিতে যোগ দিতে পেরে দারুণ খুশি। গত ৫ বছরে প্রধানমন্ত্রী মোদি যে বদল এনেছেন, তা দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কারও নিজের আগের জীবন, অতীত নিয়ে লজ্জা বোধ থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী যখন নিজেকে চা-ওয়ালা বলতে কুণ্ঠা বোধ করেন না, তখন নিজেকে নাপিত বলতে আমার কীসের দ্বিধা? প্রসঙ্গত, ভারতজুড়ে সেলুন, কেশসজ্জার বিপণী ব্যবসা রয়েছে জাভেদের। সারা দেশে ৫০০-র বেশি সেলুন চালান তিনি। দেশের বাইরেও তিনটি আন্তর্জাতিক সেলুন খুলেছেন তিনি।