নয়াদিল্লি: ট্যুইট করে গ্রাহকদের ভরসা দিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। ১১৪০০ কোটি টাকার জালিয়াতির খবর জানাজানি হওয়ার পর এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের উদ্বিগ্ন গ্রাহকদের মধ্যে জমানো আমানত তুলে নেওয়ার ধুম পড়েছে। কিন্তু দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ঋণদাতা ব্যাঙ্ক গ্রাহকদের আশ্বস্ত করে বলল, পরিস্থিতি মোকাবিলায় তাঁদের ভাঁড়ারে পর্যাপ্ত মূলধন আছে। তাঁদের পায়ের নীচের মাটি অত্যন্ত শক্ত। ট্যুইটে বলা হয়েছে, নিশ্চিন্তে থাকুন আপনারা। আমাদের ভিত খুব জোরদার। ১২৩ বছরের ইতিহাসে আমাদের আসল শক্তি হল ব্র্যান্ড ইমেজ, দৃঢ় ভিত, অ্যাসেট অর্থাত সম্পদের উত্কৃষ্ট মান, দ্রুত গতিতে চলা ডিজিটাইজেশন। আশ্বাস দিচ্ছি, আপনাদের ব্যাঙ্কে সব যথারীতি স্বাভাবিক রয়েছে। আমানত তুলে নেওয়ার পর বিধিনিষেধ চাপানোর খবরও অস্বীকার করেছে পিএনবি কর্তৃপক্ষ। বলেছে, কিছু অসাধু লোকজন এ ধরনের খবর ছড়াচ্ছে। কয়েকদিন আগেই পিএনবির সঙ্গে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসে। ১.৭৭ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতি হয়েছে বলে জানায় ওই নামী ব্যাঙ্ক। হিরে ব্যবসায়ীদ্বয় নীরব মোদী ও মেহুল চোকসির কোম্পানিকে জাল লেটার অব আন্ডারটেকিংস (এলওআউ) ইস্যু করার মাধ্যমে জালিয়াতি হয়। তদন্তে নেমেছে একাধিক এজেন্সি। এই প্রেক্ষাপটে ব্যাঙ্ক বলেছে, আমাদের যথেষ্ট মূলধন আছে। তাছাড়া নন-কোর অ্যাসেটের ভিতও বেশ পোক্ত। তাদের পরিস্থিতির যথাযথ মোকাবিলা করে প্রতিষ্ঠানের স্বার্থরক্ষার ক্ষমতা, যোগ্যতা আছে বলেও জানিয়েছে পিএনবি। বিপুল জালিয়াতির প্রেক্ষাপটে মুডিস ইনভেস্টর সার্ভিস ও ফিচ রেটিংসও হুঁশিয়ারি দিয়েছে, লোকসানের পরিধি বাড়তে পারে, সম্পদ হ্রাস হতে পারে। ফলে পিএনবি-র রেটিং মার খাবে।