খুনের হুমকি বালি মাফিয়াদের! দিল্লিতে নিরাপদ বাসস্থানের আর্জি হরিয়ানার দলিত সমাজকর্মীর, কেন্দ্রকে নোটিস দিল্লি হাইকোর্টের
Web Desk, ABP Ananda | 08 Apr 2018 02:29 PM (IST)

নয়াদিল্লি: হরিয়ানায় বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে দিল্লিতে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেছেন এক দলিত সমাজকর্মী। এ ব্যাপারে কেন্দ্র ও দিল্লি সরকারের বক্তব্য জানতে চাইল দিল্লি হাইকোর্ট। আগাম দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ারি দেওয়াই কাজ ওই সমাজকর্মীর। তিনি আবেদনে দাবি করেছেন, যমুনার তীরে বেআইনি বালি খননের বিরুদ্ধে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে অভিযোগ করায় তাঁর ও তাঁর পরিবারের ওপর নির্যাতন করা হয়েছে। এজন্য কয়েকজন বালি মাফিয়া দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তাঁদের প্রাণ সংশয় দেখা দিয়েছে। তাই দিল্লিতে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়া ছাড়াও তফসিলি জাতি ও উপজাতি (নির্যাতন রোধ) আইনে ক্ষতিপূরণও দাবি করেন তিনি। বিচারপতি রাজীব শাকধের কেন্দ্রীয় সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন মন্ত্রক ও দিল্লি সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিয়েছে। ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।