২০৩০-এ চাঁদ নামাবেন মোদী! তীব্র কটাক্ষ রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2017 09:51 AM (IST)

নয়াদিল্লি: গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর। তাঁর তীর্যক মন্তব্য, ২০৩০-এ মাটিতে চাঁদ নামাবেন মোদী। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী অবাস্তব সব প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই প্রতিশ্রুতি বিজেপি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এই প্রসঙ্গেই তাঁর কটাক্ষ, ‘গুজরাতের প্রত্যেক ব্যক্তিকে চাঁদে ২০২৮-এ একটা করে ঘর দেবেন এবং ২০৩০-এ চাঁদকেই পৃথিবীতে নিয়ে আসবেন’। দলের এক সভায় রাহুল অভিযোগ করেছেন, গুজরাতে ২২ বছর ক্ষমতায় থাকার পরও দারিদ্র দূরীকরণে কোনও কিছুই করেনি। তিনি বলেছেন, ‘মোদীজী, আপনার দল গুজরাতে ২২ বছর ক্ষমতায় রয়েছে। এখনও আপনি বলছেন, ২০২২-এর মধ্যে রাজ্যে গরিবি দূর করবেন’। কংগ্রেস সহ সভাপতির অভিযোগ, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। রাহুলের বিদ্রুপ, ‘প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতির পরের লাইনটা আমিই বলে দিচ্ছি। ২০২৫-এর মধ্যে মোদী সবাইকে চাঁদে পাঠানোর রকেট দেবেন’। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতির দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ জমে উঠেছে।