সন্ত্রাসের ঘাঁটি বরদাস্ত করা হবে না, ব্যবস্থা নিতে হবে, সুষমা-টিলারসন বৈঠকে পাকিস্তানকে বার্তা
Web Desk, ABP Ananda | 25 Oct 2017 04:00 PM (IST)

নয়াদিল্লি: পাকিস্তানকে সাফ বার্তা ভারত, আমেরিকার। বুধবার নয়াদিল্লিতে ভারত সফরে আসা মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের পর পাকিস্তানকে জানিয়ে দেওয়া হল, তাদের ভূখণ্ডে সন্ত্রাসের নিরাপদ ঘাঁটি বরদাস্ত করা হবে না, সেখানে সন্ত্রাসবাদের যাবতীয় পরিকাঠামো ধ্বংস করতেই হবে। সুষমা ও টিলারসেন একাধিক বিষয়ে দীর্ঘ বৈঠকের পর বলেন, উপমহাদেশে শান্তি, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা উচিত ইসলামাবাদের। পাকিস্তানের মাটি সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য হয়ে উঠবে, এটা চলবে না বলে সুষমার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বলেন টিলারসেন। এও জানান, ইসলামাবাদ গিয়ে তিনি পাকিস্তানের নেতৃত্বকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে এসেছেন, তাঁদের সাবধান করে দিয়েছেন যে, সন্ত্রাসবাদীদের ক্ষমতা বাড়লে পাক সরকারই বিপদে পড়বে। সুষমাও বলেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদের পরিকাঠামো ভেঙে দিতে হবে। সন্ত্রাসবাদে যে দেশই মদত দিক না কেন, তাকে কাঠগড়ায় তুলে দোষী সাব্যস্ত করতে হবে বলে জোরালো অভিমত জানান তিনি। দুজনের মধ্যে বাণিজ্য সম্পর্ক চাঙ্গা করা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো সহ একাধিক বিষয়ে কথা হয়েছে। মার্কিন বিদেশসচিব জানান, ভারতের সামরিক আধুনিকীকরণের প্রয়োজনে ট্রাম্প প্রশাসন নিজের সেরা প্রযুক্তি সরবরাহ করতে তৈরি। নয়াদিল্লির সঙ্গে এফ-১৬ ও এফ-১৮ যুদ্ধবিমান বিক্রির চুক্তি নিয়ে আলোচনার দিকে আমেরিকা তাকিয়ে রয়েছে বলেও জানান টিলারসন। মার্কিন-আফগানিস্তান কৌশলের ক্ষেত্রেও ভারতের গুরুত্ব আছে বলে জানান তিনি। বলেন, ভারত-প্রশান্তমহাসাগরীয় এলাকায় ভারতের সঙ্গে সহযোগিতা জোরদার করাও তাঁদের প্রশাসনের লক্ষ্য। সুষমা বলেন, তিনি টিলারসনের সামনে এইচ১বি ভিসার প্রসঙ্গ তুলে তাঁকে ভারতীয়দের ক্ষতি হতে পারে, এমন কোনও পদক্ষেপ না করার অনুরোধ করেছেন।