সব সরকারি কর্মচারীকে অবিলম্বে কাজ ফিরতে নির্দেশ জম্মু ও কাশ্মীর প্রশাসনের
Web Desk, ABP Ananda | 08 Aug 2019 08:05 PM (IST)
প্রশাসন সরকারি কর্মীদের মসৃণ, অনুকূল ও নিরাপদ কাজের পরিবেশের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে সরকারি নির্দেশে জানানো হয়েছে।
জম্মু: সব সরকারি কর্মচারীকে অবিলম্বে কাজ ফিরতে নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিবের জারি করা নির্দেশানুসারে শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট ও ডিভিশন, জেলাস্তরের সব সরকারি কর্মীকে অবিলম্বে কাজে যোগ দিয়ে রিপোর্ট করতে হবে। জনৈক সরকারি মুখপাত্র একথা জানিয়েছেন বৃহস্পতিবার। প্রশাসন সরকারি কর্মীদের মসৃণ, অনুকূল ও নিরাপদ কাজের পরিবেশের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে সরকারি নির্দেশে জানানো হয়েছে। যে কোনও সহায়তা চেয়ে কর্মীরা ডেপুটি কমিশনার ও জম্মুর আঞ্চলিক পরিবহণ অফিসে যোগাযোগ করতে পারেন বলেও জানিয়েছে প্রশাসন। সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে রদ করার পদক্ষেপ ঘিরে গত তিনদিন ধরে টানটান উত্তেজনার আবহে বিক্ষোভ, অশান্তি না হলেও জনজীবন স্বাভাবিক নেই। উপত্যকার বেশ কিছু জায়গায় কার্ফু চলছে, বন্ধ ইন্টারনেট, মোবাইল পরিষেবা, ল্যান্ডফোন। তার মধ্যেই সরকারি কর্মীদের বলা হল, যার যার কাজের জায়গায় অবিলম্বে ফিরে আসুন। সোমবার ঈদ। তার আগে অশান্তি, ঝামেলা এড়াতেও রাজ্য প্রশাসন ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে।