একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার জেএনইউয়ের অধ্যাপক, ৮টি এফআইআর, একেকটিতে ৩০ হাজার টাকার বন্ডের শর্তে জামিন
Web Desk, ABP Ananda | 20 Mar 2018 06:25 PM (IST)

নয়াদিল্লি: ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় ওঠা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক অতুল জোহরি অবশেষে গ্রেফতার। তাঁকে আদালতে তোলা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (নয়াদিল্লি রেঞ্জ) অজয় চৌধুরি জোহরির গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে জেএনইউয়ের একাধিক ছাত্রী যৌন নিগ্রহের অভিযোগ তোলায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছিল সেখানকার পড়ুয়াদের। তাঁর গ্রেফতারি চাইছিলেন তাঁরা। কয়েকটি মহিলা সংগঠন, অধ্যাপকদের একাংশও সেই দাবি সমর্থন করে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বসন্ত কুঞ্জ থানার বাইরেও বিক্ষোভ দেখানো হয়। জীববিজ্ঞানের অধ্যাপক জোহরির বিরুদ্ধে ৮ ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আজ বিকাল পাঁচটায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় জোহরিকে। সংক্ষিপ্ত জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। যুগ্ম পুলিশ কমিশনার অজয় চৌধুরি বলেন, আমরা অভিযোগকারীদের বক্তব্য রেকর্ড করেছি। আরও বেশ কয়েকজন ছাত্রী পুলিশের কাছে জোহরি সম্পর্কে একই অভিযোগ জানিয়েছেন। সেসব খতিয়ে দেখা হচ্ছে। আইন মেনেই পদক্ষেপ করা হবে। তদন্ত প্রক্রিয়ায় কড়া নজর রাখছেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ মনিকা ভরদ্বাজ। দিল্লির এক আদালতে তাঁকে তোলা হলে তিনি জামিনের আবেদন পেশ করে সওয়াল করেন, জেলে পাঠানো হলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। তাঁকে ৮টি এফআইআরের একেকটির জন্য ৩০ হাজার টাকা বন্ড পেশের শর্তে জামিন মঞ্জুর করেন ডিউটি ম্যাজিস্ট্রেট রীতু সিংহ।