গত এক দশকে কিডনি সংক্রান্ত রোগ দ্বিগুণ হয়ে গিয়েছে, জানাল আইএমএ
Web Desk, ABP Ananda | 08 Mar 2018 07:28 PM (IST)

নয়াদিল্লি: গত এক দশকে ভারতে কিডনি সংক্রান্ত রোগ দ্বিগুণ হয়ে গিয়েছে। আগামী দিনে এই রোগ বাড়বে। বিশ্ব কিডনি দিবসে এই আশঙ্কার কথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আজ আইএমএ-র সাধারণ সম্পাদক আর এন ট্যান্ডন বলেছেন, ‘বিভিন্ন ধরনের জীবনযাত্রা সম্পর্কিত রোগ বাড়ার পাশাপাশি ভারতে গত এক দশকে কিডনি সংক্রান্ত রোগও দ্বিগুণ হয়ে গিয়েছে। আগামী দিনে এই রোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো রোগ যেমন বাড়ছে, তেমনই অনেকে দোকান থেকে কেনা ওষুধ এবং প্রচুর পরিমাণে ধাতুযুক্ত চিরাচরিত ওষুধ খেয়ে কিডনির রোগে আক্রান্ত হচ্ছেন।’ আজ একইসঙ্গে আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ব কিডনি দিবস। এই দিনে আইএমএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম তো নয়ই, বরং বেশিও হতে পারে। তবে ভারতে পুরুষদের তুলনায় অনেক কম মহিলার ডায়ালিসিস হয়। আজ থেকেই কিডনি রোগ প্রতিরোধের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে আইএমএ। এই প্রকল্পের আহ্বায়ক গরিমা অগ্রবাল জানিয়েছেন, ‘আমাদের দেশে প্রতি বছর গর্ভাবস্থা সম্পর্কিত কিডনির রোগ মাতৃত্বকালীন মৃত্যুর বড় কারণ। ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৮০০ জন কিডনির রোগে আক্রান্ত হন। তাঁদের মধ্যে ২৩০ জনের রোগ গুরুতর। কিডনির রোগের চিকিৎসা গড়পড়তা ভারতীয়দের পক্ষে ব্যয়বহুল। তাই আগেই রোগ প্রতিরোধ করতে হবে।’