এনডিএ সরকারের চার বছর পূর্তিতে মোদীকে অভিনন্দন, দফতর বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বিমত: কুমারস্বামী
Web Desk, ABP Ananda | 26 May 2018 08:03 PM (IST)

বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটে জটিলতার ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি জানিয়েছেন, দফতর বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বিমত রয়েছে। তবে এই সমস্যা বড় কিছু নয়। এর ফলে সরকার পড়ে যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু একইসঙ্গে আবার কংগ্রেসকে প্রচ্ছন্ন বার্তাও দিয়ে রাখলেন তিনি। দফতর বণ্টন ও কৃষিঋণ মকুবের দাবি প্রসঙ্গে কুমারস্বামী বলেছেন, ‘এটা যাতে প্রেস্টিজ ইস্যু না হয়ে দাঁড়ায়, সেই চেষ্টা করব। সমস্যা সমাধানের চেষ্টা করব। না হলে আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে পদ আঁকড়ে থাকব না।’ কর্ণাটকে জোট সরকার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটা কংগ্রেস নেতাদের আচরণেও স্পষ্ট হয়ে গিয়েছে। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের সঙ্গে দেখা করেন কুমারস্বামী। এরপরেই চার্টার্ড বিমানে নয়াদিল্লি উড়ে গিয়েছেন কংগ্রেস নেতারা। তাঁরা হাইকম্যান্ডের সঙ্গে কর্ণাটকের মন্ত্রিত্ব নিয়ে আলোচনা করবেন। কুমারস্বামী অবশ্য জানিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বা সনিয়া গাঁধীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য নয়াদিল্লি যাবেন না। কংগ্রেস নেতারা ফিরলেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। এদিনই আবার কেন্দ্রে মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন। মোদী সরকার চার বছরে মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি না, এই প্রশ্নের জবাবে কুমারস্বামী বলেছেন, ‘এটা মানুষই বলতে পারবে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়িত করা হয়নি বলেই মতপ্রকাশ করেছেন।’