নয়াদিল্লি: ১২ বছরের ছেলেকে যৌন নিগ্রহের অভিযোগে কর্নাটকে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক। মহম্মদ জুবেইর নামে ধৃত ৩৪ বছর বয়সি ওই শিক্ষক গত এক বছর ধরে ওই নাবালকের ওপর যৌন অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ। দক্ষিণ বেঙ্গালুরুর আভালাহাল্লির বাসিন্দা জুবেইর সাড়ে চার বছর হল ওই মাদ্রাসায় আরবী পড়াচ্ছেন। তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ যৌন নিগ্রহের অভিযোগের তদন্ত করছে। চতুর্থ শ্রেণির পরীক্ষায় ফেল করার পর গত বছর থেকে অত্যাচারিত কিশোরকে ওই মাদ্রাসায় পাঠানো হচ্ছিল। মাদ্রাসায় ৬০টি ছাত্র পড়াশোনা করে। সে মাদ্রাসায় ঢোকার পর থেকেই তার ওপর জুবেইরের যৌন নিগ্রহ শুরু হয় বলে পুলিশকে জানিয়েছে ছেলেটি, বলেছে, কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও জুবেইর ভয় দেখিয়েছেন তাকে। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়ায় সুস্থ করে তোলার জন্য ছেলেটিকে শিবাজীনগরে ঠাকুমার বাড়িতে পাঠানো হয়। ঠাকুমাকেই ছেলেটি তার ওপর শিক্ষকের অত্যাচারের কথা বলে। তার বাবা পেশায় মেকানিক। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতার জুবেইরকে নাবালকের যৌন নিগ্রহ রোধ আইন ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত করেছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠান তিনি। জুবেইর তো বটেই, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষও নাবালক ও তার অভিভাবকদের অভিযোগ খারিজ করে দিয়েছেন।