লখনউ: কাসগঞ্জে চন্দন গুপ্তর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হল। আইজি (আলিগড় রেঞ্জ) সঞ্জীব গুপ্ত আজ এই খবর জানিয়েছেন। কাসগঞ্জের পুলিশ সুপার পীযূষ শ্রীবাস্তব বলেছেন, কাসগঞ্জে হিংসার ঘটনায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তাদের বাড়িতে নোটিস দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসে বাইক মিছিলের উপর পাথরবৃষ্টি থেকে সংঘর্ষ শুরু হয়। অন্তত তিনটি দোকান, দু’টি বাস এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলিতে জখম চন্দনের মৃত্যু হয়। এখনও কাসগঞ্জের বিভিন্ন জায়গায় চাপা উত্তেজনা আছে। এখনও পর্যন্ত হিংসার সঙ্গে যুক্ত সন্দেহে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংবেদনশীল অঞ্চলগুলিতে টহলদারি চলছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরই মধ্যে আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল কাসগঞ্জে যাওয়ার চেষ্টা করছিল। তবে মিরহাচি অঞ্চলেই তাদের আটকে দেওয়া হয়। কাসগঞ্জের জেলাশাসক আর পি সিংহ বলেছেন, কংগ্রেস নেতারা হিংসাবিধ্বস্ত অঞ্চলগুলিতে গেলে পরিস্থিতির অবনতি হতে পারে। সেই আশঙ্কা থেকেই তাঁদের কাসগঞ্জে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এক সরকারি আধিকারিক বলেছেন, গতকালও কাসগঞ্জে বিক্ষিপ্ত হিংসার ঘটনার কথা শোনা গিয়েছিল। তবে আজ পরিস্থিতি শান্তিপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হিংসার ঘটনা এবং হিংসা থামানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা জানতে চেয়েছে। সেই রিপোর্ট তৈরি করা হচ্ছে। শান্তি ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সেটাই কেন্দ্রকে জানানো হবে।