পালনপুর: দুসপ্তাহের মধ্যে তিনবার। ফের নামের সঙ্গে ‘সিংহ’ জোড়ার জন্য উচ্চবর্ণের হাতে প্রহৃত হতে হল পিছিয়ে পড়া শ্রেণির এক যুবককে। এবারও ঘটনাস্থল গুজরাত।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে বানসকণ্ঠা জেলার কাঁকরেজ মহকুমার অন্তর্গত উন গ্রামে। জানা গিয়েছে, সম্প্রতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি অন্তর্ভুক্ত হিমত চৌহান নামে বছর কুড়ির এক যুবক ফেসবুকে নিজেকে ‘হিমতসিংহ’ বলে উল্লেখ করেন। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবককে মারধর করে দরবার সম্প্রদায়ের কয়েকজন।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগে ওই যুবক দাবি করেন, মারধরের পাশাপাশি তাঁর জিনিসপত্রও লুঠও করা হয়। পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, হিমতের স্কুলের শংসাপত্রেও ‘সিংহ’ নাম রয়েছে। ফলত, এমন নয়, যে তিনি প্রথম এই ‘সিংহ’ নাম ব্যবহার করছেন।
এর আগে, এই জেলারই পালনপুরের গৌড় গ্রামে গত ২৭ তারিখ এক ব্যক্তিকে মারধর করে জোর করে তাঁর গোঁফ কামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, কারণ তিনি আমন্ত্রণপত্রে নিজের নামের সঙ্গে ‘সিংহ’ জুড়েছিলেন। তার আগে, ২২ তারিখ আমদাবাদের ঢোকলায় এই একই ইস্যুতে রাজপুত ও দলিতদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
